আগরতলা।। আগরতলার হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে গতকাল রাতে ১১টা থেকে সাড়ে এগারোটার সময় প্রতাপগড়ের বাসিন্দা রমজান আলী হাওরা নদীর দিকে আসলে সেখানে সিকিউরিটি গার্ড এর সাথে তার বাক বিতন্ডা হয়।
তার পরবর্তী সময়ে সন্দেহজনক ভাবে তাকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। রবিবার সকালে উদ্ধারকারী দল এবং স্থানীয়দের সহযোগিতায় রমজান আলীর দেহ হাওরা নদী থেকে উদ্ধার করা হয়। পুলিশ এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এই ঘটনাকে ঘিরে মৃতের পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।অন্যদিকে, পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে পরিবারের অভিযোগের পাশাপাশি সমস্ত সম্ভাব্য দিক বিবেচনা করেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
