আগরতলা: গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান দূর করতে শহর ও গ্রামের মধ্যে সমভাবে উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ রূপায়ণ করছে রাজ্যের বর্তমান সরকার। মানুষের কল্যাণে পরিকাঠামোগত উন্নয়ন, জনপরিষেবার সম্প্রসারণ ও আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন করছে।
আজ বিলোনীয়া মহকুমার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে দক্ষিণ ত্রিপুরা জেলার উন্নয়নে ২৭টি প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ২৭টি উন্নয়ন প্রকল্পের মধ্যে মুখ্যমন্ত্রী ২৩টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উদ্বোধন হওয়া ২৩টি প্রকল্পের জন্য প্রায় ৫৬ কোটি ৮২ লক্ষ ব্যয় করা হয়েছে। প্রায় ১২ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয় করা হবে ভিত্তিপ্রস্তরকৃত ৪টি প্রকল্পের জন্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, শহর ও গ্রামের মধ্যে সমভাবে উন্নয়নের জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এটা সরকারের অঙ্গীকার। উন্নয়নের ক্ষেত্রে সমতা বজায় রাখা বর্তমান সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, মুখ্যমন্ত্রী যুবা প্রকল্পে বেকার যুবাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, সরকারি চাকরির জন্য যাতে বেকার যুবক যুবতীরা প্রস্তুতি নিতে পারে তার জন্য আগে থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে চাকরির জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১৮০ জন বেকার যুবক যুবতী দক্ষিণ জেলায় উত্তীর্ণ হয়েছেন। মুখ্যমন্ত্রী তার জন্য সন্তোষ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, খেলাধুলার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। বিলোনীয়াস্থিত দক্ষিণ ত্রিপুরা জেলা জুডো সেন্টারটি কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক পাওয়া অস্মিতা দেবনাথের নামে নামকরণ করায় জেলার অন্যান্য খেলোয়াড়রা প্রেরণা পাবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা, নতুন নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, ট্রমা কেয়ার ইউনিট চালু করা, নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হচ্ছে। আমবাসায় একটি নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। নার্সিং পড়ার জন্য এ রাজ্যের মধ্যেই নার্সিং কলেজ রয়েছে।
মুখ্যমন্ত্রী আলোচনায় বলেন, স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হওয়ায় এখন রোগীদের বহিরাজ্যে যাওয়ার প্রবণতা কমছে। এ রাজ্যেই এখন কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে। রোগীর আত্মীয়দের আগরতলা এজিএমসি হাসপাতালে ১০ টাকায় খাবার, ৩০ টাকায় থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ৫ লক্ষ টাকা চিকিৎসার খরচ পাচ্ছেন গরীব রোগীরা। মুখ্যমন্ত্রী বলেন, খোয়াই ও সিপাহীজলায় নতুন জেলা হাসপাতাল নির্মাণ করা হবে। শিল্প ও বাণিজ্যের উন্নয়নে চা শিল্পের জন্য আগরতলায় টি অকশন সেন্টার খোলা হয়েছে। এখন ত্রিপুরায় শিল্প বিনিয়োগের জন্য বহিরাজ্য থেকে শিল্পপতিরা আসছেন, মৌ স্বাক্ষর করছেন। উন্নয়নের নিরিখে জাতীয়স্তরে অনেকগুলি পুরস্কার পেয়েছে ত্রিপুরা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাইওয়েগুলির সংস্কার ও উন্নয়ন করা হচ্ছে, অন্যদিকে সাব্রুম-বদরপুর রেললাইনকে বৈদ্যুতিকরণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, পর্যটনের উন্নয়নে উদয়পুরের বনদুয়ারে ৫১ শক্তিপীঠের রেপ্লিকা তৈরি করা হচ্ছে। ডম্বুর জলাশয়, ছবিমুড়াকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। পুষ্পবন্ত রাজপ্রাসাদে গড়ে তোলা হচ্ছে পাঁচতারা হোটেল। পর্যটকদের আগমন রাজ্যে আগের থেকে অনেকগুণ বেড়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অর্জনের দিশায় কাজ করছে এই সরকার। সমাজের অন্তিম স্তরের মানুষের কাছে সরকারের উন্নয়নের কাজের সুফল পৌঁছে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে রাজ্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক মাইলায়ু মগ, বিধায়ক স্বপ্না মজুমদার, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, টুডার কমিশনার মিহির কান্তি গোপ, পূর্ত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, রাজস্ব দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহ. সাজাদ পি, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী প্রমুখ।
মুখ্যমন্ত্রী আজ বিলোনীয়ার বিকেআই মোড়ে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন। উত্তর বিলোনীয়ার বল্লারমুখ এলাকায় ও সুকান্তনগরে ৩টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদ্বোধন করেন। এছাড়াও বেশ কয়েকটি এলআই স্কিম এবং পানীয়জল প্রকল্পের উদ্বোধন করেন। বিলোনীয়া শহরে ৬,৬৯২টি পরিবার পানীয়জলের সংযোগ পাবেন এই স্কিমগুলি থেকে। এছাড়াও মুখ্যমন্ত্রী ৪টি স্বসহায়ক দলের হাতে ব্যাঙ্ক ঋণের টাকার চেক তুলে দেন।
