আগরতলা।। যোগ্যতা রয়েছে, টেট পরীক্ষায় উত্তীর্ণও হয়েছেন, তবুও মিলছে না চাকরি। দীর্ঘদিনের অপেক্ষা আর অনিশ্চয়তার প্রতিবাদে ফের শিক্ষা ভবনের সামনে জড়ো হলেন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে বিক্ষোভে সরব হন তাঁরা।
অভিযোগ, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে গাড়িতে তুলে এডি নগর পুলিশ লাইনের মাঠে নিয়ে যাওয়া হয়। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় এবং তাতে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের।
আন্দোলনকারীদের প্রশ্ন, টেট পাশ করার পরও বছরের পর বছর চাকরির অপেক্ষায় থাকতে হবে কেন? তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগের নির্দিষ্ট রূপরেখা ঘোষণা করে যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করতে হবে।
একদিকে নিয়োগের দাবিতে বেকারদের ক্ষোভ, অন্যদিকে আন্দোলন সরাতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক—দুই বিষয়েই এখন প্রশ্নের মুখে পরিস্থিতি। তবে গোটা ঘটনায় পুলিশের বক্তব্য এখনও সামনে আসেনি। টেট উত্তীর্ণদের দীর্ঘদিনের এই দাবির বিষয়ে সরকার এবার কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।
