আগরতলা ।। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রামনগর স্থিত মুক্তি সংঘের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রামনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা ও বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। মানবতার সেবায় রক্তদানে এগিয়ে আসেন বহু স্বেচ্ছাসেবী।মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান শুধু একজন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, এর সঙ্গে সামাজিক দায়বদ্ধতাও জড়িয়ে রয়েছে। একজনের দেওয়া রক্ত সংকটাপন্ন অবস্থায় অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী নিয়মিত ও উপযুক্ত ব্যবধানে রক্তদানের স্বাস্থ্যগত কিছু সম্ভাব্য উপকারিতার কথাও তুলে ধরেন। তবে তিনি জানান, রক্তদান অবশ্যই চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে করা উচিত। রক্তদানের আগে স্বাস্থ্য পরীক্ষা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ধরনের সামাজিক উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উদ্যোক্তারা।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার আলোচনাতে বলেন পূর্বে ক্লাব সংস্কৃতি মানেই ছিল দুই পাড়া অথবা দুই ক্লাবের মধ্যে নিত্যদিনের গোলযোগ আর বর্তমানে ক্লাব সংস্কৃতি হল সামাজিক দায়িত্ববোধ এবং সমাজের কল্যাণ ে এগিয়ে এসে কাজ করার সংস্কৃতি।
তিনি বলেন পূর্বতন সরকার গুলির আমলে রাজ্যে এমন একটা পরিবেশ ছিল যেখানে কোন সামাজিক কর্মসূচি করতে গিয়েও দলের লোকদের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল পাশাপাশি এই সমস্ত সামাজিক কর্মসূচিতে তারা দলীয় কার্যক্রম পরিচালিত করত। সমাজের উন্নয়নে তাদের কোন ভূমিকা ছিল না। সেই সমস্ত ভাইরাসদের মুক্তি দেওয়ার জন্য মুক্তি সংঘের কর্মকর্তাদের তিনি আহ্বান জানান।
তিনি বলেন বর্তমান সরকার রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষি, পরিবহন বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে সকলকে এগিয়ে এসে সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান। পাশাপাশি মুক্তির সংঘের আয়োজিত এ সামাজিক উদ্যোগের ভুয়সি প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।
