আগরতলা।। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার আগরতলার বিবেকানন্দ স্কুল এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃত্ব।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে সাধারণ মানুষের মধ্যে নতুন বস্ত্র তুলে দেন। উদ্যোক্তারা জানান, দুর্গাপূজার আনন্দ যাতে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কেউ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই মানবিক লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর হাত থেকে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। বস্ত্র বিতরণকে কেন্দ্র করে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলেই মুখ্যমন্ত্রী ও আয়োজকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
