আগরতলা।। আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ক্রমশ গতি বাড়াচ্ছে বিজেপি। এবার আগরতলা পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী মনিকা দাস দত্তের সমর্থনে আয়োজন করা হলো এক সুবিশাল বাইক রেলির।
আর এই রেলিকে কেন্দ্র করেই এলাকায় তৈরি হলো নির্বাচনী উন্মাদনা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা হাতে, বাইকের বহর নিয়ে প্রচারে শামিল হন অসংখ্য কর্মী-সমর্থক। বিশেষ করে যুব কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা কর্মসূচি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ইতিমধ্যেই বিজেপির উদ্যোগে প্রায় আটটি বাইক রেলি সম্পন্ন হয়েছে।
প্রতিটি কর্মসূচিতেই যুব সমাজের পাশাপাশি বিভিন্ন স্তরের দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। তাঁর দাবি, নির্বাচনী প্রচারে যুবকদের এই সক্রিয় উপস্থিতি বিজেপির সাংগঠনিক শক্তি ও কর্মীদের আত্মবিশ্বাসেরই প্রতিফলন।এবার নির্বাচনে বিজেপির জয়ের ব্যবধান আরও বাড়বে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। তাঁর দাবি, আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই গত নির্বাচনের তুলনায় আরও বেশি ব্যবধানে জয়ী হবে বিজেপি।
শুধু আগরতলা নয়, রাজ্যের বাকি ২০টি নগর স্থানীয় সংস্থাতেও বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত বলে আশা প্রকাশ করেন তিনি।আগামী ২ ডিসেম্বর ভোট গণনার দিন রাজ্যবাসীর সমর্থনের প্রতিফলন ঘটবে বলেও মন্তব্য করেন সুশান্ত চৌধুরী।
পাশাপাশি তাঁর বক্তব্য, রাজ্যের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই বিজেপি মানুষের কাছে পৌঁছাচ্ছে।সব মিলিয়ে, ৪৩ নম্বর ওয়ার্ডে মনিকা দাস দত্তের সমর্থনে এই বাইক রেলির মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ে নিজেদের শক্তি ও আত্মবিশ্বাসের বার্তাই তুলে ধরল বিজেপি।
