আগরতলা।। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মানবিক উদ্যোগে ফের নজির গড়লেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। তাঁর ব্যক্তিগত উদ্যোগে রামনগর এলাকায় স্থানীয় নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার।
রামনগরের ঐতিহ্যবাহী বাণী বিদ্যাপীঠ স্কুলের ভগিনী নিবেদিতা অডিটোরিয়াম হলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে এলাকার শতাধিক দুঃস্থ ও সাধারণ নাগরিকের হাতে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা নিজে।
এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, সদর শহর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় কার্যকর্তারা। এদিন মুখ্যমন্ত্রী নিজ হাতে এলাকার মা-বোনেদের হাতে নতুন শাড়ি এবং পুরুষদের মধ্যে পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের নতুন পোশাক তুলে দেন। দুর্গাপুজোর আনন্দ যাতে সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া পরিবারের মায়েরা নতুন পোশাক পরে উৎসবের আনন্দে সামিল হতে পারেন, সেই মানবিক লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত উদ্যোগ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজো হলো মিলনের উৎসব, আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। এই আনন্দ যাতে সবার ঘরে পৌঁছে যায়, সেটাই আমাদের লক্ষ্য।
দুর্গোৎসবের ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই উপহার পেয়ে আপ্লুত এলাকার নাগরিকরা। উপস্থিত সকলেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। গোটা অডিটোরিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ ও খুশির হাওয়া।
