শান্তির বাজার।। আগামীকাল এডিসি নির্বাচনের গণদেবতার রায় প্রকাশকে সামনে রেখে শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের ভোট গণনা হবে এই কার্যালয়েই।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ রিটার্নিং অফিসার তথা মহকুমাশাসক শান্তি রঞ্জন চাকমা সাংবাদিকদের জানান, আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে গণনার কাজ। কাউন্টিং হলে মোট ১২টি টেবিল রাখা হচ্ছে এবং পোস্টাল ব্যালেট গণনার জন্য আলাদা একটি টেবিল নির্ধারিত হয়েছে। এখন পর্যন্ত ২৬৪টি পোস্টাল ব্যালেট জমা পড়েছে, আরও ৭টি আসার বাকি রয়েছে।
সকাল ৮টার আগে পৌঁছালে সেই ব্যালেট গণনায় অন্তর্ভুক্ত হবে, তার পরে এলে তা বাতিল বলে গণ্য করা হবে।গণনার দিন প্রতিটি রাজনৈতিক দল ৫০ জন করে সমর্থক নিয়ে আসবে বলে জানানো হয়েছে, যাতে কোনও অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয়। বিভিন্ন দলের জন্য আলাদা করে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে—তিপ্রা মথা দলের জন্য আর কে গঞ্জ স্কুল মাঠ, বিজেপির জন্য শান্তিরবাজার পুরাতন মোটর স্ট্যান্ড এবং অন্যান্য দলের জন্য বেতাগা এলাকায় শান্তিরবাজার ডিগ্রি কলেজ মাঠ।
২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হবে পর্যাপ্ত সংখ্যক প্যারামিলিটারি ফোর্স, টিএসআর ও পুলিশ। নির্বাচন গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমা।
