আগরতলা।।আগরতলার দুর্গাবাড়িতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মা কাত্যায়নীর পূজা। তিন দিনব্যাপী এই বিশেষ পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম, চলছে মহা ধুমধামে দেবীর আরাধনা।

পৌরাণিক কাহিনি, ধর্মীয় বিশ্বাস আর দীর্ঘদিনের ঐতিহ্যের মেলবন্ধনে আগরতলার দুর্গাবাড়িতে শুরু হয়েছে মা কাত্যায়নীর পূজা। দেবী দুর্গার নবদুর্গার ষষ্ঠ রূপ মা কাত্যায়নী। পুরাণ অনুযায়ী, ঋষি কাত্যায়নের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন, সেই থেকেই তাঁর নাম কাত্যায়নী। অন্য একটি পৌরাণিক কাহিনি অনুসারে, মহিষাসুর বধের উদ্দেশ্যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তি থেকে এই দেবীর আবির্ভাব। তাই মা কাত্যায়নীকে শক্তি ও সাহসের প্রতীক হিসেবে পূজা করা হয়।

দুর্গাবাড়ির বিশেষ রীতি অনুযায়ী, তিন দিন ধরে পূজিত হন দেবী। এখানে তৃতীয়া তিথিতে পূজা হয় না; প্রথমা, দ্বিতীয়া ও চতুর্থী তিথিতে সম্পন্ন হয় দেবীর আরাধনা। কার্তিক মাসের শেষ দিনে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা এবং পহেলা অগ্রহায়ণ থেকে চলে মূল পূজা।

এবছরও পূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভক্তি, নিষ্ঠা ও ধর্মীয় আবহে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *