আগরতলা।। ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ ধাঙ্কারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য। মঙ্গলবার তাঁর মরদেহ আগরতলার সরকারি বাসভবন থেকে ত্রিপুরা পুলিশ সদর দপ্তরে নিয়ে আসা হয়, যেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে মহাকরণে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য, শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরদেহ বিমানে করে দিল্লিতে পাঠানো হয়। সেখান থেকে উত্তরপ্রদেশে তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং বুধবার সম্পন্ন হবে শেষকৃত্য।
১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার অনুরাগ ধাঙ্কার কর্মজীবনের অধিকাংশ সময় ত্রিপুরা ক্যাডারে দায়িত্ব পালন করেছেন। এসডিপিও থেকে ডিজিপি পর্যন্ত তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। সিবিআই, সিআইএসএফ এবং জাতিসংঘের কসোভো শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়া ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার বিশেষ তদন্তকারী দল এবং নীরব মোদি-সংক্রান্ত পিএনবি জালিয়াতি মামলার তদন্তেও নেতৃত্ব দিয়েছিলেন। ২০২৫ সালের মে মাসে তিনি ত্রিপুরা পুলিশের ডিজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং পরবর্তীতে রাজ্য সরকার তাঁর মেয়াদ ১১ মাস বাড়িয়েছিল।
সোমবার পুলিশ সদর দপ্তরে তাঁর অফিস কক্ষের ওয়াশরুমে তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনও তদন্ত চলছে। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও সরকারি সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।
তদন্ত, ফরেনসিক রিপোর্ট ও ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে জনসেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
