আগরতলা: রাজ্যের বিভিন্ন জেলার দু:স্থ মানুষদের সাথে সংযোগ করতে এবং তাদের সমস্যা সমাধানের জন্য আজ থেকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী সমীপেষু কার্যক্রম শুরু করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

                   
এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে তিনি মুখ্যমন্ত্রী সমীপেষু কার্যক্রম শুরু করেছেন।

                     
 মুখ্যমন্ত্রী বলেন, আজ এই কার্যক্রমের ৬৬তম পর্ব, যেখানে আমরা আগরতলা বা শহরের আশেপাশের লোকজনকে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আসতে দেখেছি। তাই সারা রাজ্যের মানুষের কথা মাথায় রেখে আমরা এটি জেলাভিত্তিক শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এই কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে, যেখানে ডিএম, সিএমও, ডাক্তার এবং অন্যান্য দপ্তরের আধিকারিকগণ উপস্থিত থাকবেন। আজ এটা শুরু হয়েছে। আমরা ধলাই জেলা দিয়ে এটা শুরু করেছি, যেখানে ৩৫ জন উপস্থিত ছিলেন এবং আগরতলায় সশরীরে ২ জন উপস্থিত ছিলেন।
                  ডাঃ সাহা বলেন, আজকের ভার্চুয়াল মুখ্যমন্ত্রী সমীপেষু কার্যক্রমের মাধ্যমে একটি নতুন দিক দেখছেন তিনি।
                     
মুখ্যমন্ত্রী বলেন, আগরতলায় আমরা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে লোকজনকে আসতে দেখেছি, কিন্তু আজ ধলাই জেলা থেকে মানুষ শিক্ষা, স্বাস্থ্য, উচ্চ শিক্ষা এবং আর্থিক সহায়তা সহ বহুমাত্রিক বিষয় নিয়ে কথা বলেছেন। জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন, যেখানে আমি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছি। আমরা সমস্যা সমাধানের ব্যবস্থা করেছি। ৩৫ জনের মধ্যে প্রায় ৩০ জনই জনজাতি অংশের মানুষ ছিলেন, যারা তাদের সমস্যা ভাগ করে নিয়েছেন এবং তারাও বেশ খুশি। অন্যান্য জেলাগুলিতেও এটা করা হবে, যেখানে মহকুমাগুলিও আওতার মধ্যে চলে আসবে।
                       
 মুখ্যমন্ত্রী আরো বলেন, আজকের ভার্চুয়াল কার্যক্রমে অনেকের জমি সংক্রান্ত, শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা উঠে আসে। সেসকল বিষয়ে নোট নেওয়া হয়েছে। আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি যাতে তাদের সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়। তাদের সাহায্য করতে, যথাযথ চিকিৎসা প্রদান করতে এবং তাদের সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে বলেছি। এটা খুবই উদ্ভাবনী উদ্যোগ এবং আমি মনে করি না যে এই ধরনের বিষয় অন্য কোথাও হবে। 

               
এদিন ধলাই জেলা থেকে প্রায় ৩৫ জন নাগরিকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে আগরতলার আরো দুইজন নাগরিকের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এদিনের মুখ্যমন্ত্রী সমীপেষু কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য দপ্তরের সচিব, অধিকর্তা ও আধিকারিকগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *