আগরতলা: ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শের চর্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সততা, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হতে সহায়তা করবে। একটি শক্তিশালী জাতি গঠনে সাহায্য করবে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মনীষিদের নিয়ে যত বেশি চর্চা হবে ততো সমাজ তথা দেশ উপকৃত হবে।

              
আজ ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহলে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 
             
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক, প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন একজন অসামান্য ব্যক্তিত্ব যিনি শিক্ষা, সমাজ, সংস্কৃতি এবং জাতীয় জীবনে অল্প বয়সেই কৃতিত্বের ছাপ রেখে গেছেন। তিনি দেশের ঐক্য, অখন্ডতা এবং জাতীয় সংহতি রক্ষার প্রশ্নে ছিলেন আপোষহীন।
             
এদিন অনুষ্ঠান শুরুর আগে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহল প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১৩ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি বসানোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজন করেন মুখ্যমন্ত্রী। পরে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আজ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তি স্থাপনের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল তা কেবল একটি নির্মাণ প্রকল্পের সূচনা নয়, এটি আমাদের ইতিহাস ও জাতীয় মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর এক প্রতীক। এই মূর্তি আগামী প্রজন্মকে মহান এক মনীষির জীবন ও কর্ম সম্পর্কে জানতে এবং দেশ সেবার আদর্শে উদ্বুদ্ধ করতে সাহায্য করবে। বর্তমান এবং নতুন প্রজন্মের জন্য এই মূর্তি হবে দেশপ্রেম ও জাতীয় চেতনার এক অনুপ্রেরণা কেন্দ্র। 
            
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এমন বহু রাষ্ট্রনায়ক ছিলেন যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, কিন্তু তাদের এই ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা হয়নি। ড. শ্যমাপ্রসাদ মুখার্জী, পন্ডিত দীনদয়াল মুখোপাধ্যায়ের মতো রাষ্ট্রনায়কগণ আমাদের শিখিয়েছেন কিভাবে দেশের সেবা করতে হয়। তাদের আদর্শকে পাথেয় করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে আরও উন্নয়নের দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছেন।

                
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক মিনারানী সরকার, মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত এবং আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। 

অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও টাউনহল প্রাঙ্গণে তাঁর জীবনের বিভিন্ন মুহুর্তের ফটো প্রদর্শনীর আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ প্রদর্শনীটি ঘুরে দেখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *