নয়াদিল্লি, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ সোমবার জাঁকজমকপূর্ণ পরিবেশে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁরা প্রদর্শনী পরিদর্শন করেন এবং কৃষক, উদ্যোক্তা ও প্রদর্শকদের সঙ্গে মতবিনিময় করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, বি. এল. সন্তোষ এবং সুনীল দেওধর।আনারস শিল্পে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সরকারি স্টলগুলিকে পুরস্কৃত করা হয়।

যৌথভাবে প্রথম পুরস্কার অর্জন করে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন (TFDPC) এবং আরএনজে অ্যাগ্রি-ক্লিনিক অ্যান্ড অ্যাগ্রিবিজনেস প্রাইভেট লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পায় নেরাম্যাক (NERAMAC) এবং তৃতীয় পুরস্কার লাভ করে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার বিখ্যাত কুইন পাইনঅ্যাপেল-এর ভৌগোলিক নির্দেশক (GI) ট্যাগ-এর শংসাপত্র এক কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া। এ উপলক্ষে তাঁকে ২৫ হাজার টাকা নগদ পুরস্কারও প্রদান করা হয়।

এছাড়াও, আনারস চাষে অসামান্য অবদানের জন্য দুইজন প্রগতিশীল কৃষককে ‘সেরা পাইনঅ্যাপেল চাষি’ সম্মানে ভূষিত করা হয়। তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে নগদ পুরস্কার প্রদান করা হয়।উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে আগত সকল দর্শনার্থীর মধ্যে বিনামূল্যে ত্রিপুরার জিআই-স্বীকৃত ক্যুইন পাইনঅ্যাপেল বিতরণ করা হয়। হাজার হাজার মানুষ এই বিশেষ স্বাদের আনারস উপভোগ করার সুযোগ পান।এই তিন দিনব্যাপী উৎসব চলাকালীন ত্রিপুরা রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানগুলোতে নৃত্য, সঙ্গীত নানা বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপিত হয়েছে, যা দর্শকদের গভীরভাবে মুগ্ধ করেছে। মানুষের হৃদয় জয় করে নেওয়া এই সকল আয়োজনে উৎসবের আনন্দ ও সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনী, ক্রেতা-বিক্রেতা বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ত্রিপুরার পাইনঅ্যাপেল শিল্পের বিপুল সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি মূল্য সংযোজন, ব্র্যান্ডিং, রপ্তানি সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এই উৎসব আবারও প্রমাণ করল, উন্নত মানের জিআই-স্বীকৃত ক্যুইন পাইনঅ্যাপেল উৎপাদনে ত্রিপুরা দেশের অন্যতম অগ্রণী রাজ্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *