আগরতলা।। পৌর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক প্রচারের পারদ! নিজেদের জয়ের ভিত শক্ত করতে এবার সরাসরি ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শুক্রবার সকালে ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী।
ভোটারদের সঙ্গে সরাসরি জনসংযোগ করে চাইলেন বিজেপির পক্ষে সমর্থন। আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচারে নতুন গতি সঞ্চার করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার সকাল থেকেই দলীয় প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে সংশ্লিষ্ট এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তথা বর্তমান প্রার্থীর হয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেন গত পাঁচ বছরের কাজের খতিয়ান এবং আগামী দিনের উন্নয়নের প্রতিশ্রুতি।
প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের কাছ থেকে মিলছে স্বতঃস্ফূর্ত সাড়া। তাঁর কথায়, পাঁচ বছর মানুষের পাশে থেকে কাজ করেছে বিজেপি। আগামী দিনেও মানুষের উন্নয়নেই কাজ করতে চায় দল। এবারের পৌর নির্বাচনে বিজেপির অনুকূলে অভাবনীয় ফলাফল হবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি মানুষের আস্থার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ হাসি বিজেপিই হাসবে বলে দাবি তাঁর।এখন দেখার, মুখ্যমন্ত্রীর এই প্রচার এবং জয়ের আত্মবিশ্বাস ৩২ নম্বর ওয়ার্ডের ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে! শেষ পর্যন্ত জনতার রায় কার পক্ষে যায়, তার উত্তর মিলবে আগামী ২৭ নভেম্বর।
