আগরতলা।। পুর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক প্রচার। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সুভদ্রা চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান তিনি।

ভোটারদের সঙ্গে কথা বলেন, তুলে ধরেন কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আবেদন।প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহার দাবি, সকাল সকাল যেখানেই তাঁরা জনসংযোগে যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে।

তবে এই জনসাড়ার মাঝেও বিগত পুর নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে অবাধ ভোটাধিকার প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর আশঙ্কা, এবারের নির্বাচনেও সাধারণ মানুষ নিজেদের পছন্দমতো স্বাধীনভাবে ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।পাশাপাশি দেশজুড়ে ভোট চুরির অভিযোগ তুলে কংগ্রেসের আন্দোলনের কথাও জানান তিনি।

আশীষ কুমার সাহার বক্তব্য, ত্রিপুরাতেও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ভোট চুরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে কংগ্রেস। একইসঙ্গে এই ইস্যুতে সকলকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।পুর নির্বাচনের প্রচারে জনসংযোগের পাশাপাশি অবাধ ও নিরপেক্ষ ভোটের প্রশ্নকে সামনে রেখে রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিল কংগ্রেস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *