আগরতলা।। আজ থেকে আগরতলার সোনারতরী গেস্ট হাউসে শুরু হলো কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোড নিয়ে ত্রিপুরায় প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালা।
রাজ্যের শ্রম দফতরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নিয়েছেন ত্রিপুরার পাশাপাশি মিজোরাম, মণিপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আসা বিশেষজ্ঞ ও প্রশিক্ষকরা।এই তিন দিনের কর্মশালায় শ্রম দফতরের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের নতুন শ্রমকোডের বিভিন্ন দিক, বাস্তব প্রয়োগ, আইনগত পরিবর্তন এবং প্রশাসনিক কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালার মূল লক্ষ্য হলো নতুন শ্রম আইন বাস্তবায়নে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং শ্রমিকদের আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর পরিষেবা নিশ্চিত করা।রাজ্য শ্রম দফতরের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস জানান, নতুন শ্রমকোড কার্যকর হলে শ্রমিক ও নিয়োগকর্তা—উভয় পক্ষই উপকৃত হবেন। তাই মাঠপর্যায়ে কাজ করা আধিকারিকদের এই বিষয়ে প্রশিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা নতুন আইনের বিধান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন, যা ভবিষ্যতে শ্রমিকদের স্বার্থরক্ষা এবং শ্রম সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের নয়া শ্রমকোড বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
