আগরতলা।। সরকারি ও কর্পোরেট মহলে সুপ্রতিষ্ঠিত আইটি সংস্থা ‘ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেড’-এর নাম ও ফোন নম্বর ব্যবহার করে বেকার যুবক-যুবতীদের সাথে বড়সড় প্রতারণার জাল বিছিয়েছে এক প্রতারক। প্রিন্ট মিডিয়া এবং ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ মোটা অঙ্কের অর্থ আদায় করছে প্রীতম দাস নামের এক ব্যক্তি।

প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্ত প্রীতম দাসের ফোন নম্বর (৮৯৭৪৬৭৪০২৯) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (৪৩৭০৭৯০৩৭৭২) সনাক্ত করা গেছে। এই জালিয়াতির বিরুদ্ধে এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষার উদ্দেশ্যে আজ, সোমবার বেলা ১১ টায় আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে ‘ইনসিস্কাই সফটেক’-এর তরফ থেকে এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তনুশ্রী রায় এবং তিনজন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার নন্দয় দাস, অন্তর আহমেদ ও সৌরাদিপ দেবনাথ।

সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা এই প্রতারণামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কিছু অসাধু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” তবে এই ঘটনা রাজ্যের প্রযুক্তিগত উন্নয়নে সংস্থার পরিষেবাকে বিন্দুমাত্র প্রভাবিত করবে না বলে তারা স্পষ্ট জানান।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই গর্বিত আইটি সংস্থাটি গত ১৬ বছর ধরে ভারতসহ আন্তর্জাতিক স্তরের ৫০০-রও বেশি ক্লায়েন্টকে সফলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং এবং স্কিল ডেভেলপমেন্টের মতো আধুনিক প্রযুক্তি সেবা দিয়ে আসছে। ২০২৩ সালে গুগল অ্যাপস্কেল একাডেমি কর্তৃক ‘ভারতের সেরা অ্যাপ পারফরমেন্স পুরস্কার’ বিজয়ী এই সংস্থাটি ২০২৪ সালে উত্তর-পূর্ব ভারতের শীর্ষ ১৪টি স্টার্টআপের মধ্যে স্থান করে নিয়েছে এবং ত্রিপুরা স্টার্টআপ পলিসি ২০২৫-এর অধীনে ৭৫ লক্ষ টাকার আর্থিক সহায়তাও লাভ করেছে।

টক ইং, ওরা রাইড এবং ত্রিপুরা নিউজ অফিসিয়াল-এর মতো সফল ডিজিটাল প্ল্যাটফর্মের নির্মাতা ইনসিস্কাই সফটেক আগামীদিনেও ত্রিপুরার মাটিতে কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজের দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *