আগরতলা।। উমাপদ বর্মন ও অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার মুক্তধারা হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা যাতে তাদের ভবিষ্যতের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই ট্রাস্টের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শিক্ষার প্রসার এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে অনেক মেধাবী ছাত্রছাত্রী আর্থিক সমস্যার কারণে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সমস্যার মুখে পড়েন।

তাই সমাজের বিভিন্ন স্তর থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করা হয়।ট্রাস্টের এই উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়। আগামী দিনেও দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক এবং উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। আর্থিক সহায়তা পেয়ে উপকৃত শিক্ষার্থীরাও তাদের পড়াশোনা চালিয়ে ভবিষ্যতে সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *