তেলিয়ামুড়া ।। আসন্ন পুরভোটকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করতে ময়দানে নামল বিজেপি। নির্বাচনের আগে সংগঠনের ভিত মজবুত করা, কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই বৃহস্পতিবার ২৮ তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।তেলিয়ামুড়ার নেতাজিনগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব তাপস মজুমদার, জেলা সভাপতি সমীর কুমার দাস, তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় এবং ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।আসন্ন পুরভোটকে কেন্দ্র করে দলীয় সংগঠনের প্রস্তুতি, কর্মীদের ভূমিকা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়টি এই সভায় বিশেষ গুরুত্ব পায়। নির্বাচনের আগে বুথস্তর থেকে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তোলার লক্ষ্যে দলীয় নেতৃত্ব কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানা যায়। রাজনৈতিক মহলের মতে, পুরভোটের আগে এই ধরনের সাংগঠনিক সভা বিজেপির নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। এখন দেখার, সাংগঠনিক স্তরে এই তৎপরতা আগামী দিনে নির্বাচনী ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।
পুরভোটের আগে সংগঠন চাঙা করতে ময়দানে বিজেপি! তেলিয়ামুড়ায় সাংগঠনিক সভায় দলীয় নেতৃত্ব!
