আগরতলা।। আগরতলা প্রেস ক্লাবে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে স্বামী বিবেকানন্দ ভেষজ নার্সারি। মানবকল্যাণে ভেষজ ও বায়ুশোধনকারী গাছের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান উদ্যোক্তারা।
সাংবাদিক সম্মেলনে নার্সারির পক্ষ থেকে বলা হয়, বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও বিভিন্ন শারীরিক সমস্যার প্রেক্ষাপটে ভেষজ গাছ এবং বায়ুশোধনকারী উদ্ভিদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তুলসী, অ্যালোভেরা, নিম, বাসকসহ বিভিন্ন ভেষজ গাছ যেমন মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি মানিপ্ল্যান্ট, এরিকা পাম, স্নেক প্ল্যান্টের মতো বায়ুশোধনকারী গাছ ঘরের পরিবেশকে বিশুদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যেক বাড়িতে অন্তত কয়েকটি ভেষজ ও পরিবেশবান্ধব গাছ লাগানোর লক্ষ্য নিয়েই তাদের এই বিশেষ উদ্যোগ। পাশাপাশি আগামী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, সুস্থ জীবনযাপন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও গাছের ভূমিকা অপরিসীম। তাই নতুন প্রজন্মকে গাছ লাগানো ও সংরক্ষণের বিষয়ে আরও বেশি উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে নার্সারির সদস্য ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বার্তাও তুলে ধরা হয়।
