আগরতলা।।বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যের নানা জায়গায় একাধিক সাংবাদিকদের উপর নানা সময়ে আক্রমণের ঘটনা সামনে এসেছে। স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনাগুলো রাজ্যের সংবাদ মহল থেকে শুরু করে একটা ভালো অংশ কে ভাবিয়ে তুলছে বিশেষ করে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের কর্মীদের নিরাপত্তার বিষয়কে নিয়ে।
গুরুত্বপূর্ণ এই বিষয়কে সামনে রেখে আগরতলা প্রেসক্লাবের এক প্রতিনিধি দল আজ রাজ্য পুলিশের মহা নির্দেশকের সাথে দেখা করে সুনির্দিষ্ট বিভিন্ন বিষয়গুলো দাবি আকারে উত্থাপন করে। গোটা বিষয় নিয়ে প্রতিনিধি দলের তরফ থেকে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার দাবি করেছেন যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ চলছে সে বিষয়টার পরিপ্রেক্ষিতে যাতে করে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দ্রুততার সাথে দোষীদের শাস্তির আওতায় আনা হয় সেই দাবি জানানো হয়েছে।
এছাড়া আগামী দিনে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন ভাষার ক্ষেত্রে জাতি গোষ্ঠীভুক্ত এলাকা এবং জনজাতিভুক্ত এলাকাগুলোর মধ্যে যাতে সাংবাদিকরা প্রয়োজনীয় নিরাপত্তা পায় সেই দাবি তোলা হয়েছে। এর পাশাপাশি প্রেস স্টিকারের দুর্ব্যবহার রোধ করার জন্য যাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি উত্থাপন করার পাশাপাশি সকল ঋতুতে ব্যবহার উপযোগী প্রেস জ্যাকেট যাতে অবিলম্বে প্রদান করা হয় সেই বিষয়েও দাবি জানানো হয় বলে প্রণব সরকার জানিয়েছেন।
সাংবাদিকদের তরফ থেকে উত্থাপিত দাবিগুলো পূরণ করার জন্য পুলিশের মহা নির্দেশক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শ্রী সরকার। আজকের এই প্রতিনিধি দলে প্রণব সরকার ছাড়াও চিত্রা রায় অভিষেক দেব সহ অন্যান্যরা ছিলেন।
