আগরতলা।। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাস ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস। পুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হওয়া কালকূট বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন মহাদেব। সেই সময় দেবতারা তাঁর মাথায় অবিরাম জল ঢেলে বিষের প্রভাব কমানোর চেষ্টা করেন।
সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাভিষেকের প্রথা প্রচলিত হয়েছে বলে বিশ্বাস করা হয়।এই বিশ্বাসকে কেন্দ্র করেই শ্রাবণের প্রথম সোমবার ভোর থেকে আগরতলার ঐতিহাসিক বটতলা শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নারী-পুরুষ, যুবক-যুবতী থেকে প্রবীণ—সব বয়সের মানুষ হাতে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ধুতুরা, আখের রস ও বিভিন্ন উপাচার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহাদেবের পূজা-অর্চনা করেন।
অনেক ভক্তই সোমবারের ব্রত পালন করে পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য, সন্তানের মঙ্গল এবং মনোবাসনা পূরণের প্রার্থনা করেন। মন্দিরে শিবচালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ভক্তদের ভিড় সামলাতে মন্দির কমিটির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।শ্রাবণ মাসজুড়েই প্রতি সোমবার এই ভিড় আরও বাড়বে বলে আশা করছেন মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তিভরে এই দিনে মহাদেবের পূজা করলে জীবনের সকল বাধা দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়।
তাই বছরের এই বিশেষ সময়ে বটতলা শিব মন্দির আবারও হয়ে উঠেছে ভক্তদের অন্যতম আস্থার কেন্দ্র।
