আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন, রাজ্য সরকার ত্রিপুরায় সরকারি হাসপাতালগুলির আধুনিকীকরণ এবং একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার বিকাশের জন্য কাজ করছে৷ আজ আগরতলায় ৫০ শয্যা বিশিষ্ট ড. শ্যামা প্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

রাজধানীর মহারাণী তুলসীবতি স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ ড. শ্যামা প্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালের উদ্বোধন করে জনসাধারণের জন্য উৎসর্গ করা হয়েছে, যা আমাদের সকলের জন্য একটি আনন্দের দিন। আমরা এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করেছি। আমরা দেখেছি সরকারি হাসপাতালগুলিতে ভাঙ্গা চেয়ার, টেবিল এবং অন্যান্য সুযোগ-সুবিধা কেমন ছিল এবং এখন আমরা ওই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা সরকারি

হাসপাতালগুলির আধুনিকায়নের জন্য কাজ করছি। আমরা বলছি না যে এটি ১০০% সম্পূর্ণ হয়েছে, তবে আমরা এই লক্ষ্যে কাজ করছি। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এখন একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আগামী দিনে, সরকার সমস্ত হাসপাতালে ডাক্তার থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পরিষেবা পর্যন্ত সমস্ত কিছু উপলব্ধ করার জন্য রাজ্য জুড়ে কাজ করবে, যাতে মানুষ সমস্ত ধরনের স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেতে পারেন।আমরা ত্রিপুরায় একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছি। এই হাসপাতালটি হবে কাগজবিহীন (পেপারলেস)।

গরীব মানুষেরও আরও ভাল স্বাস্থ্যসেবা এবং আরও ভাল পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে এবং এটি মাথায় রেখে, আমরা সমস্ত আধুনিক প্রযুক্তি সহ এই হাসপাতালটি স্থাপন করেছি। এই হাসপাতালের কারণে শহরের মানুষের জরুরী পরিস্থিতিতে কোথাও ছুটে যেতে হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, এখানে আমাদের কাছে মাইনর সার্জারি, নর্মাল সার্জারি, মেডিসিন, গাইনোকোলজি, ইএনটি ওপিডির সুবিধা রয়েছে। এছাড়া মা ও শিশুদের পরিষেবার সুবিধা রয়েছে। অক্সিজেন সুবিধাসহ ৫০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে অ্যাম্বুলেন্সের সুবিধা থাকবে। আগরতলা শহরের মানুষ এখানে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। আমরা সমস্ত পৌরসভা এবং নগর পঞ্চায়েত এলাকায় এই ধরনের হাসপাতাল খুলব। এই প্ল্যান্টে, আমরা একটি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি)ও স্থাপন করেছি। আজ ২০.৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যার ড. শ্যামা প্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতাল উদ্বোধন করা হলো।

ডাঃ সাহা আরও বলেন, ত্রিপুরায় একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বের উপর জোর দিয়েছে সরকার। আমরা যদি ত্রি স্তর পঞ্চায়েতে ই-অফিস চালু করতে পারি, তাহলে স্বাস্থ্য খাতে কেন নয়? আজকাল, ত্রিপুরায় প্রতিটি চিকিৎসা সুবিধা উপলব্ধ রয়েছে এবং সেই কারণেই রেফারাল কেস ৮৩% কমে গেছে। আমরা একটি মা ও শিশু হাসপাতাল স্থাপন করছি। শুধু আগরতলায় নয়, সব জেলাতেই আমরা এটা করছি। ত্রিপুরায় সাতটি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই আরও দুটি কিডনি প্রতিস্থাপন করা হবে৷ আমরা হার্ট এবং লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা করছি। আমরা এই বিষয়ে কাজ করছি।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *