ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সাফল্যের নতুন ইতিহাস লিখলেন ত্রিপুরার প্রবীণ অ্যাথলেটরা। টুর্নামেন্টের প্রথম দিনেই ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে রাজ্যের নাম উজ্জ্বল করেছিলেন আশিস কর।
সেই ধারা বজায় রেখে প্রতিযোগিতার পরবর্তী ইভেন্টগুলোতেও একের পর এক পদক ছিনিয়ে আনলেন ত্রিপুরার কৃতি সন্তানরা। আজকের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬০ বছর ঊর্ধ্ব বিভাগে হাইজাম্প ইভেন্টে ১.৫৫ মিটার উচ্চতা অতিক্রম করে সোনা জিতেছেন প্রিয়লাল সাহা। অন্যদিকে, ৫৫ বছর ঊর্ধ্ব বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে দুর্দান্ত লড়াই করে রুপো জয় করেছেন নারায়ণ ঘোষ।
পদক জয়ের দৌড়ে পিছিয়ে নেই আশিস কর-ও; ৫০০০ মিটার হাঁটায় সোনা জেতার পর আজ ডিসকাস থ্রো ইভেন্টেও তিনি রুপোর পদক নিজের ঝুলিতে পুরেছেন। উল্লেখ্য, এই মেগা টুর্নামেন্টে অংশ নিতে ত্রিপুরা থেকে প্রিয়লাল সাহা, আশিস কর, নারায়ণ ঘোষ এবং মালু মিয়ার এক প্রতিনিধি দল ব্যাংককে পাড়ি দিয়েছিল। এর আগে ফিলিপিন্স এবং নেপালে আন্তর্জাতিক স্তরে পদক জয়ের অভিজ্ঞতা থাকলেও, বিশ্বমঞ্চের এই সাফল্য তাঁদের অ্যাথলেটিক ক্যারিয়ারে এক অনন্য মাত্রা যোগ করলো।
আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় মালু মিয়াসহ অন্যান্য অ্যাথলেটদের কাছ থেকে আরও পদক আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবীণ অ্যাথলেটদের এই অভূতপূর্ব সাফল্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে ত্রিপুরার ক্রীড়ামহলে এবং তাঁদের এই জয় তরুণ প্রজন্মের খেলোয়াড়দের কাছে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ক্রীড়া সংগঠকদের মতে, ব্যাংককের ট্র্যাকে ত্রিপুরার এই জয়ধ্বজা প্রমাণ করে দিচ্ছে যে সঠিক ইচ্ছেশক্তি থাকলে বয়স কোনো বাধা নয়। এখন নজর আগামী দিনগুলোর ইভেন্টের দিকে, যেখানে ত্রিপুরার ঝুলিতে আরও পদক আসার অপেক্ষায় রাজ্যবাসী।
