আগরতলা: ধর্মীয় আবহ ও উৎসবের আনন্দঘন পরিবেশে নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত ‘মায়ের পাগল ছেলেদের’ ৯ম বর্ষের শ্যামাপূজায় উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে শ্যামাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এলাকার ২৫০ জন মাকে ‘মাতৃশক্তি সংবর্ধনা’ প্রদান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বিশেষ সম্মাননা প্রদান কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পা সরকার চৌধুরী, যুবনেতা পদ্মনাভ সাহা, ক্লাব সম্পাদক দেবদাস বকসি-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিরা।
শ্যামাপূজার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে কচিকাঁচা নৃত্যশিল্পীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
ধর্মীয় আরাধনার পাশাপাশি মাতৃশক্তিকে সম্মান জানিয়ে ২৫০ জন মাকে সংবর্ধনা প্রদানের এই উদ্যোগের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা ও নারীসম্মানের এক সুন্দর বার্তা তুলে ধরল নব অঙ্গীকার সামাজিক সংস্থা।
