আগরতলা।। এক রাতের আগুনে শেষ হয়ে গেল সাজানো সংসার। পেয়ারিবাবুর বাগান এলাকার স্বর্গীয় দেবল পালের বাড়িতে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় তাঁর বসতঘর ও ঘরের সমস্ত সামগ্রী।জানা গেছে, দেবল পাল বাড়িতে একাই থাকতেন।
তবে অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না, মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। ফলে প্রাণহানির ঘটনা না ঘটলেও আগুনে সর্বস্ব হারাতে হয়েছে তাঁকে।এই খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
পাশাপাশি, সরকারি তরফে ইতিমধ্যেই ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সরকারি প্রকল্পের মাধ্যমে যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি নতুন করে ঘর পেতে পারেন, সেই ব্যবস্থার আশ্বাসও দেন মেয়র।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এই পরিবারকে ঘুরে দাঁড়াতে প্রশাসনিক সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পাশে দাঁড়ানোর এই ঘটনায় স্বস্তি মিলেছে ক্ষতিগ্রস্তের।
