নিজস্ব প্রতিনিধি, আগরতলা:আসন্ন পুর ও নগর সংস্থা নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দেওয়া সংক্রান্ত হাইকোর্টের মামলা, নিরাপত্তা ব্যবস্থা এবং সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখলেন রাজ্য নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশ আসার আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। আরবান ডেভেলপমেন্ট দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা মিউনিসিপ্যাল অফিসার ও রিটার্নিং অফিসারদের তরফেও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার রাস্তাতেও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য পুলিশ অথরিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

কমিশনার জানান, সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে লিখিত রিপোর্টও পেয়েছে কমিশন। রিটার্নিং অফিসাররা রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও তৎপর ছিলেন। তবে রিটার্নিং অফিসারদের রিপোর্ট অনুযায়ী, কোনও প্রার্থী সরাসরি তাঁদের চেম্বারে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেননি।

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর বিষয়ে পিকে চক্রবর্তী স্পষ্ট জানান, হাইকোর্টের নির্দেশে সময়সীমা বাড়ানোর কোনও কথা বলা হয়নি। পাশাপাশি কমিশনের পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা ছিল না বলে দাবি করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *