ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে আজ অনুষ্ঠিত হয়ে গেল আগরতলা প্রেস ক্লাবের এবারকার স্পোর্টস ফেস্টের প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে উমাকান্ত স্টেডিয়ামে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকদের নিয়ে গঠিত দুটি দল— ‘আগরতলা প্রেস ক্লাব টিম-এ’ এবং ‘আগরতলা প্রেস ক্লাব টিম-বি’ এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (টিএফএ)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ম্যাচটিকে ঘিরে সকাল থেকেই সংবাদমাধ্যমের কর্মী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।নির্ধারিত সময়ে দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ম্যাচটির ফয়সালা হয় পেনাল্টি শুটআউটে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে টাইব্রেকারে ‘টিম-বি’ ৪-২ গোলের ব্যবধানে ‘টিম-এ’-কে পরাজিত করে জয়ের শিরোপা ছিনিয়ে নেয়। বিজয়ী দলের অধিনায়ক অভিষেক দেববর্মা এবং বিজিত দলের অধিনায়ক সন্তোষ গোপের নেতৃত্বে মাঠের লড়াই যেমন জমে উঠেছিল, তেমনই দু দলের খেলোয়াড়দের রণকৌশল ম্যাচটিকে আরও উপভোগ্য করে তোলে।এদিনের এই জমজমাট ক্রীড়া অনুষ্ঠানে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন আগরতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শ্রীমতি চিত্রা রায়, কোষাধ্যক্ষ রঞ্জন রায় এবং সহ-সম্পাদক কমল চৌধুরী, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তপন সাহা ও কৃষ্ণপদ সরকার সহ প্রেস ক্লাব ও টিএফএ-র অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ। আগামীকাল বিকেল তিনটায় লুডু প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে ইনডোর গেমসের আসর। অংশগ্রহণকারী সকল সাংবাদিক খেলোয়াড়দের বেলা আড়াইটার মধ্যে প্রেসক্লাবের রিপোর্ট করতে স্পোর্টস কমিটির কনভেনার তথা সহ-সম্পাদক অভিষেক দে আহ্বান জানিয়েছেন।
আগরতলা প্রেস ক্লাবেরপ্রীতি ফুটবলম্যাচ অনুষ্ঠিত
