আগরতলা ।। ১৭ সেপ্টেম্বর দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভ জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে বৃহস্পতিবার বনমালীপুর বিধানসভার ২৫ নং ওয়ার্ডের ধলেশ্বর ১০ নং রোড স্থিত কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচি।
এদিন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে শিবকালী মন্দিরে পূজার্চনায় অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা। এরপর তিনি স্বচ্ছ ভারত অভিযানে সামিল হন। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রীর ছবি তুলে দিয়ে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নরেন্দ্র মোদি। দীর্ঘ ১৩ বছর পর ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। সাংবিধানিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর গুরুদায়িত্ব পালন করে তিনি বিশ্বে ইতিহাস স্থাপন করেছেন।
