বক্সনগর প্রতিনিধি:পাচারকারী ও বিএসএফ জওয়ানদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বক্সনগরের একটি এলাকা। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন বলে খবর। শুধু তাই নয়, সংঘর্ষের জেরে ভাঙচুর চালানো হয়েছে উভয় পক্ষের গাড়িতেও।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পাচার সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই বিএসএফ জওয়ানদের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের জেরে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।এদিকে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। যেকোনও মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলমচৌড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।তবে সংঘর্ষের প্রকৃত কারণ, আহতদের সঠিক সংখ্যা এবং ঘটনার বিস্তারিত বিবরণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে বক্সনগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
