শান্তিরবাজার ।। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়িতে এনডিএ জোটের নির্বাচনী তৎপরতা জোরদার। এনডিএ মনোনীত প্রার্থীদের সমর্থনে কলসি এডিসি ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো জনসম্পর্ক অভিযান। কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সমস্যা, চাহিদা ও প্রত্যাশার বিষয়েও খোঁজ নেন তিনি।দলীয় কর্মী-সমর্থকদের দাবি, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক সমন্বয় আরও শক্তিশালী করা এবং আসন্ন নির্বাচনে এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচার জোরদার করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিএসসি চেয়ারম্যান অশোক মগ, বিজেপি দক্ষিণ জেলা কমিটির সদস্য মনিন্দ্র বিশ্বাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।এদিনের কর্মসূচিতে রাজনৈতিক প্রচারের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আগামী দিনগুলিতে এই ধরনের জনসম্পর্ক কর্মসূচি আরও জোরদার করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *