আগরতলা।। ২৬ দিন ধরে চলা অনশনের ইতি টানলেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও ড. জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন।
জানা গিয়েছে, কেন্দ্র সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেন ওয়াংচুক। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নতুন আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ব্যবস্থার আশ্বাসও তাঁর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করা হয়েছে।সোনম ওয়াংচুক জানান, দীর্ঘ আলোচনা এবং বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পরই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের সম্ভাব্য অশান্তির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ওয়াংচুক জানান, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সাংসদ তাঁর সঙ্গে দেখা করেছেন অথবা অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন। খুব শীঘ্রই একটি ভিডিও বার্তায় পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানাবেন বলেও তিনি জানান।
অনশন ভাঙলেও শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নফাঁস রোধে কার্যকর পদক্ষেপের দাবি থেকে তিনি সরে আসেননি। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আন্দোলনের পরবর্তী রূপরেখা শীঘ্রই প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
