আগরতলা ।। রানীর বাজার রয়েল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রানির বাজার থানা সংলগ্ন এলাকায় রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আসন্ন দুর্গাপূজার থিম উন্মোচন করা হয়।
একই সঙ্গে সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং দুঃস্থ ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ। শুরু থেকেই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রণব সরকার, রতন দেবনাথসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী এবং সংগঠনের সদস্যরা। অতিথিরা দুর্গাপূজার থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করার পাশাপাশি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং স্বাস্থ্য শিবির ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র ধর্মীয় উৎসব উদযাপন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করাও প্রতিটি সংগঠনের অন্যতম কর্তব্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই রয়েল ওয়েলফেয়ার সোসাইটি প্রতিবছরের মতো এবারও মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে। রক্তদানকে মহৎ দান হিসেবে উল্লেখ করে তাঁরা সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষার অগ্রযাত্রায় সহযোগিতা করার এই উদ্যোগেরও প্রশংসা করেন।।
দিনভর চলা এই কর্মসূচিতে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান, স্বেচ্ছায় রক্তদান করেন এবং দুঃস্থ ছাত্র-ছাত্রীরা শিক্ষা সামগ্রী গ্রহণ করে উপকৃত হয়। সব মিলিয়ে ধর্মীয় উৎসবের আবহে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির গড়ে তুলল রানির বাজার রয়েল ওয়েলফেয়ার সোসাইটি।
