আগরতলা: জনসমর্থন হারিয়ে বিরোধীরা এখন নির্বাচন কমিশনের অফিসে ধর্না দিচ্ছে। স্বর্ণ যুগের সময়ে খুন সন্ত্রাস ও সাধারণ মানুষের অধিকার হরণের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। অথচ মানুষের সমর্থন হারিয়ে এখন সেই সিপিএম ও কংগ্রেস এক হয়েছে।
আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
সভায় নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, খোয়াইকে আগে সাংস্কৃতিক পীঠস্থান বলা হতো। সেই জায়গায় দাঁড়িয়ে কমিউনিস্টদের সময়ে সেই ঐতিহ্যকে বিলীন করে দেওয়া হয়েছে। তারা হচ্ছে মিথ্যে কথা বলার মাস্টারপিস। তাদের কাজই হচ্ছে মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করা। রাজ্যে গণতন্ত্র নেই বলেও দাবি করে থাকে তারা। নির্বাচনে জয়ী হলে তারা বলে যে সবকিছু ঠিক আছে। কিন্তু যদি হারে তখন বলে ইভিএম খারাপ ইত্যাদি ইত্যাদি। কারণ দ্বিচারিতার সবকিছু রয়েছে তাদের মধ্যে। অথচ কংগ্রেস কর্মীরা ভুলে যান যে তৎকালীন সময়ে তাদের উপর কী অত্যাচার হয়েছে। ১৯৯৩ এর ঘটনা সম্পর্কে সবাই অবগত রয়েছেন যে কীভাবে এখানে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছিল। কংগ্রেস সরকার থাকা সত্ত্বেও শুধু কংগ্রেসকে টিকিয়ে রাখার জন্য বলি হয়েছে এই ত্রিপুরা। আর আজ এই কংগ্রেস ও সিপিএম এক হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, মৃত্যু মিছিলের উপর কমিউনিস্টরা রাজ্যে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। তারা স্ট্যালিনের উত্তরাধিকারী। তাই এসব করেছে তারা। গতবার ২০টি পুর ও নগর সংস্থার ভোটে ২০টিতেই জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। এবার বিশ্রামগঞ্জে আরো একটি বেড়েছে। তাই এবারও ২১টির মধ্যে ২১টিতেই জয়ী হবে আমাদের পার্টি। এতে কোনরকম চিন্তা নেই। নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন আমি ডোর টু ডোর কর্মসূচি করে মানুষের কাছে যাচ্ছি। দেখা যায় এই জনসংযোগ কর্মসূচিতে মানুষ স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। আজ খোয়াইয়ে বিশাল সংখ্যায় মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে আগামী ২ ডিসেম্বর কি ফলাফল হতে যাচ্ছে। আমি নিশ্চিত খোয়াইয়ে আমাদের ১৫ জন প্রার্থীকে মানুষ দুহাত ভরে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, আমাদের মন্ত্রী থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরা ২৪x৭ মানুষের জন্য কাজ করছেন। যে কারণে এখন ভয় পেয়ে গেছেন বিরোধীরা। এখন তারা ৭/৮ জন লোক নিয়ে ডোর টু ডোর করে। তাই তাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তৈরি থাকে। এভাবে তারা ডিএম অফিসে চড়াও হয়েছে।
প্রথমে কায়দা করে ওরা অনুমতি নিয়েছে। আর এভাবে নির্বাচন কমিশনের অফিসে ধর্নায় বসে যায় তারা। অথচ তাদের জমানায় স্বর্ণযুগের সময়ে মানুষকে খুন করা, ধর্ষণ করা, বলার অধিকার সহ সব অধিকার থেকে বঞ্চিত করার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। আমরা সবাই স্বর্ণযুগের ঘটনা জানি। এই খোয়াই শহরেই প্রচুর মানুষকে খুন করা হয়েছিল তাদের সময়ে। শুধু দক্ষিণ জেলায় ৬৯ জনকে খুন করা হয়েছিল।
এদিন সভায় উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভাপতি তাপস মজুমদার, জেলা সভাপতি সমীর দাস, কিষাণ মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায়, খোয়াই জেলার সভাধিপতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
