আগরতলা।। প্রয়াত রাজ্যের প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন ত্রিপুরা বিধানসভার সদস্যরা। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।১৯৭৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বড়জলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গৌরী ভট্টাচার্য।
ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে তাঁর বিশেষ পরিচয় রয়েছে। তিনিই ছিলেন রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা বিধানসভায় তুলে ধরেছিলেন।শনিবার প্রয়াত প্রাক্তন বিধায়িকার মরদেহ নিয়ে আসা হয় ত্রিপুরা বিধানসভার প্রাঙ্গণে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, টিংকু রায় এবং সান্ত্বনা চাকমা।
পাশাপাশি বাম বিধায়ক নয়ন সরকার, সুদীপ সরকার, দীপঙ্কর সেন-সহ অন্যান্য বিধায়ক ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।বিধানসভা প্রাঙ্গণে প্রয়াত গৌরী ভট্টাচার্যের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। তাঁর রাজনৈতিক জীবন ও ত্রিপুরার গণতান্ত্রিক পরিসরে তাঁর অবদানের কথা স্মরণ করেন বিধায়করা।
রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা হিসেবে গৌরী ভট্টাচার্যের ভূমিকা ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন উপস্থিতরা। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান তাঁরা।
গৌরী ভট্টাচার্যের প্রয়াণে একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল ত্রিপুরা। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন উপস্থিত বিধানসভার সদস্যরা।
