আগরতলা।। পরিবেশ দূষণ রোধ এবং বিকল্প শক্তিনির্ভর যানবাহনের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কেন্দ্র সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এবার এক অভিনব বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ।
বৃহস্পতিবার সকালে তিনি ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক অটোতে চেপে সচিবালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশবান্ধব যান ব্যবহারের আহ্বানকে সমর্থন জানিয়েই তাঁর এই উদ্যোগ বলে জানা গিয়েছে।সচিবালয়ে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, পরিবেশ রক্ষা এবং জ্বালানি সাশ্রয়ের স্বার্থে সাধারণ মানুষকে ধীরে ধীরে বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকতে হবে।
তিনি জানান, ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়লে একদিকে যেমন দূষণ কমবে, তেমনি জ্বালানি খরচও অনেকাংশে হ্রাস পাবে।মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে সবুজ শক্তির ব্যবহারে উৎসাহিত করছেন। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই তাঁর এই প্রতীকী উদ্যোগ।
রতন লাল নাথের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষও। অনেকেই মনে করছেন, জনপ্রতিনিধিদের এই ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
