আগরতলা।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৫তম পর্ব উপলক্ষে রবিবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সুপারি বাগানস্থিত দশরথ দেব ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের উপস্থিতিতে দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী ও এলাকার বাসিন্দারা একসঙ্গে প্রধানমন্ত্রীের বক্তব্য শ্রবণ করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন, আত্মনির্ভর ভারত গঠন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা, যুবসমাজের ভূমিকা, উদ্ভাবন, নারী ক্ষমতায়ন এবং জনসাধারণের অংশগ্রহণের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
উপস্থিত সকলে মনোযোগ সহকারে তাঁর বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যেও আলোচনা করেন।অনুষ্ঠান শেষে বিধায়ক দীপক মজুমদার প্রধানমন্ত্রীের বার্তাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এদিনের এই কর্মসূচিতে বিধায়ক দীপক মজুমদার ছাড়াও দলের অন্যান্য নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
