নিজস্ব প্রতিনিধি, আগরতলা:*আগরতলা রেলস্টেশনে পার্কিং ফি আদায়কে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠল স্টেশনের পার্কিং বিভাগের কর্মীদের বিরুদ্ধে। মাত্র ২০ টাকা পার্কিং ফি দাবি করাকে কেন্দ্র করে এক মহিলা যাত্রীর সঙ্গে পার্কিং বিভাগের মহিলা কর্মীর বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।অভিযোগকারী ডি সি এম এর দাবি, তিনি অটো থেকে নামার সময় গাড়িটি কোনও পার্কিং এলাকায় দাঁড় করানো হয়নি।
এমনকি স্টেশনের প্রবেশপথ থেকে প্রায় ৫০ মিটার দূরে অটোটি থামানো হয়েছিল। তা সত্ত্বেও এক কর্মী তাঁর কাছে ২০ টাকা পার্কিং ফি দাবি করেন। কেন পার্কিং ফি নেওয়া হচ্ছে, তা জানতে চাইলে তিনি সংশ্লিষ্ট কর্মীদের কাছে নিয়ম ও নির্দেশিকা দেখতে চান।অভিযোগ, এরপর এক মহিলা কর্মী তাঁর দিকে তেড়ে আসেন। ঘটনাস্থলে উপস্থিত এক বয়স্ক কর্মী তাঁকে ডি সি এম বলে বিশ্বাস হচ্ছে না বলে মন্তব্য করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে ফোন ভেঙে দেওয়ার হুমকি দেন। এমনকি মহিলা কর্মীর পরিচয়পত্রের ভিডিও করতে গেলে সেটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।ঘটনার সময় স্টেশন চত্বরে বহু যাত্রী উপস্থিত থাকলেও অভিযুক্ত কর্মীদের দলের কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। বরং কয়েকজন তাঁকে থামানোর চেষ্টা করেন।
এই ঘটনার জেরে তাঁর নির্ধারিত ট্রেন মিস হয় এবং সময়মতো কর্মস্থলেও পৌঁছাতে পারেননি তিনি।ইতিমধ্যে গোটা ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক এফআইআর নথিভুক্ত করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি
