আগরতলা।। কমলপুরে পুলিশের নাকা চেকিংয়ে বড়সড় নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য!সন্দেহভাজন বোলেরো গাড়ি থেকে উদ্ধার হলো নগদ ৪০ লক্ষ টাকা!গাড়িতে থাকা পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।শনিবার রাত আনুমানিক ৮টা নাগাদ কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী এলাকায় চলছিল পুলিশের নাকা চেকিং।
সেই সময় ধর্মনগর থেকে আগরতলাগামী একটি প্রাইভেট বোলেরো গাড়ি সন্দেহ হওয়ায় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। আর তল্লাশিতেই গাড়ি থেকে মেলে বিপুল পরিমাণ নগদ টাকা।পুলিশ সূত্রে জানা গেছে, কমলপুর ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ এবং কমলপুর থানার ওসি সুমন আচার্যের যৌথ নেতৃত্বে দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং চলছিল।সেই সময় TR 01 CD 0692 নম্বরের বোলেরো গাড়িটিকে সন্দেহ হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা পাঁচ যুবকের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৪০ লক্ষ টাকা।
ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকেই আটক করে পুলিশ।আটক যুবকদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দাবি, উদ্ধার হওয়া টাকা সুপারি ব্যবসার লেনদেনের টাকা। কিন্তু পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসংগতি ধরা পড়েছে বলে জানা গেছে।পাঁচ যুবকের বাড়ি রাজ্যের বিভিন্ন এলাকায়। আর টাকার উৎস সম্পর্কে তাদের বক্তব্যে অসামঞ্জস্য থাকায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
পরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা মেশিনের মাধ্যমে গণনা করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার ডিসিএম অদিতি দাস, কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ দাস, কমলপুর থানার পুলিশ অফিসার কপিল পাল-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সাব-ইন্সপেক্টররা।
এখন বড় প্রশ্ন—এই ৪০ লক্ষ টাকা কোথা থেকে এল? কোথায় যাচ্ছিল এই বিপুল নগদ? আর সত্যিই কি এটি সুপারি ব্যবসার লেনদেনের টাকা?পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
