আগরতলা।। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস দলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ।শ্রদ্ধাঞ্জলি অর্পণ পর্ব শেষে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং দেশের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
তিনি ইন্দিরা গান্ধীকে দেশের উন্নয়নের প্রকৃত দিশারী হিসেবে আখ্যায়িত করে বলেন, দেশের অগ্রগতি, জাতীয় সংহতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। দেশের ইতিহাসে তাঁর অবদান ও নেতৃত্বের দৃষ্টান্ত আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।আশীষ কুমার সাহা আরও বলেন, বর্তমান সময়ে দেশ নানা কঠিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলেছে।
এই পরিস্থিতিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আদর্শ, রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতার শিক্ষা অনুসরণ করা অত্যন্ত জরুরি। তাঁর দেখানো আদর্শের পথে চলেই গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মনিরপেক্ষতা এবং দেশের ঐক্য ও সংহতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিনের কর্মসূচির মধ্য দিয়ে শুধু প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করাই নয়, তাঁর রাজনৈতিক আদর্শ ও দেশ গঠনের ভাবনাকে আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার বার্তাও তুলে ধরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
