ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। বিজয় মার্চেন্ট ট্রফি এলিট গ্রুপের ম্যাচে আসামের বিরুদ্ধে প্রথম দিনের শেষে কিছুটা ব্যাকফুটে ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ দল।

অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (মঙ্গলগিরি) বৃহস্পতিবার শুরু হওয়া এই তিন দিনের ম্যাচের প্রথম দিনে সারাদিন ব্যাট করেও রানের গতি বাড়াতে পারেননি ত্রিপুরার ব্যাটাররা। ওভার প্রতি মাত্র ২.০৪ রান রেটে ৯৫ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলতে সক্ষম হয়েছে ত্রিপুরা। প্রথম ম্যাচে বরোদার কাছে ইনিংস ও ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারের আতঙ্ক যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের কিশোর ক্রিকেটারদের, যার ছাপ স্পষ্ট তাদের অতিরিক্ত রক্ষণাত্মক ব্যাটিংয়ে।

টস বা ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য মন্দ করেনি ত্রিপুরা। ওপেনিং জুটিতে শ্রেষ্ঠাংশু দেব (৭৮ বলে ২২ রান) এবং শ্রীমান দেবনাথ মিলে ২৮.১ ওভারে ৭২ রান যোগ করে দলকে শক্ত ভিত দেওয়ার চেষ্টা করেন। শ্রেষ্ঠাংশু আউট হওয়ার পর এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন শ্রীমান দেবনাথ। ১৭৮ বলে ১২টি চারের সাহায্যে ১০৬ রানের একটি অনবদ্য ও লড়াকু শতরানের ইনিংস খেলেন তিনি।

তবে অপর প্রান্ত থেকে তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। শুভজিৎ পাল ১৭৭ বল খেলে মাত্র ২৩ রান করেন এবং অধিনায়ক শুভজিৎ কুড়ি ১২ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। শ্রীমান আউট হওয়ার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ত্রিপুরা।

শাহিন হোসেন পোদ্দার (১) ও রাহুল মিয়া (৩) ব্যাট হাতে ব্যর্থ হন। দিনের শেষে ময়ূখ চৌধুরী ৯৪ বলে ৩৩ রান এবং মিনহাজ আহমেদ ০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অসমের বোলারদের মধ্যে অর্জুন রাধা বোরা ২৪ রানে ২টি এবং কুণাল উপাধ্যায় ৩২ ওভারে ১৩টি মেডেন সহ ৩৭ রানে ২টি উইকেট নিয়ে ত্রিপুরার রানের চাকা আটকে রাখেন।

এছাড়া দিগ্বিজয় এন ছেত্রী ও সমীর মাহাতো ১টি করে উইকেট লাভ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *