আগরতলা।। কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহিদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শনিবার আগরতলার লিচুবাগানস্থিত আলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ২৮তম কার্গিল বিজয় দিবস। অনুষ্ঠানের শুরুতেই শহিদ বীর জওয়ানদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

তাঁর সঙ্গে শ্রদ্ধা জানান পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার, আধাসামরিক বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিক, প্রাক্তন সেনাকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিন উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন, “কার্গিল বিজয় দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় গৌরব, সাহস এবং আত্মত্যাগের প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর জওয়ানরা যে অসীম সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা দেশের প্রতিটি নাগরিকের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তাঁদের আত্মবলিদান কখনও বিস্মৃত হওয়ার নয়।”তিনি আরও বলেন, “আজকের প্রজন্মের উচিত শহিদদের আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, শৃঙ্খলা ও কর্তব্যবোধকে জীবনের অঙ্গ করে তোলা। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে কর্মরত সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান, কৃতজ্ঞতা ও সমর্থন সর্বদা অব্যাহত রাখতে হবে।”অনুষ্ঠানে কার্গিল যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং তাঁদের অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়।

শ্রদ্ধা, সম্মান ও দেশাত্মবোধের আবহে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলেই কার্গিলের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *