আগরতলা।।মাছে ভাতে বাঙালি”—এই প্রবাদ যেন আরও একবার সত্যি হয়ে উঠল বাংলা নববর্ষের দিনে।

বাংলা নববর্ষকে ঘিরে রাজধানী আগরতলা শহরে উৎসবের আমেজে মেতে উঠেছে মানুষ। আর সেই উৎসবের অন্যতম প্রস্তুতি হিসেবে মাছ ও মাংসের দোকানগুলোতে লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া ভিড়। ভোর থেকেই বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় জমতে শুরু করে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে।

পরিবারের জন্য বিশেষ রান্নার প্রস্তুতি নিতে অনেকেই মাছ ও মাংস কিনতে বাজারে ভিড় করছেন। রুই, কাতলা, ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছের পাশাপাশি মুরগি ও খাসির মাংসের চাহিদাও বেশ ভালো রয়েছে।

বিক্রেতাদের একাংশ জানান, নববর্ষ উপলক্ষে প্রতি বছরই এই চাহিদা বাড়ে এবং এবছরও তার ব্যতিক্রম নয়।তবে ক্রেতাদের জন্য স্বস্তির খবর হলো, বাড়তি চাহিদা থাকা সত্ত্বেও মাছ ও মাংসের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। ব্যবসায়ীদের দাবি, সাধারণ দিনের মতোই দাম রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ না পড়ে।

বাজারে ভিড় সামাল দিতে অনেক দোকানেই অতিরিক্ত কর্মী রাখা হয়েছে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। ফলে ক্রেতারা সহজেই তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারছেন।ক্রেতাদের মতে, নববর্ষ মানেই বিশেষ খাবারের আয়োজন, আর সেই কারণেই বছরের প্রথম দিনেই বাজারে এই বাড়তি ভিড় দেখা যায়।

সব মিলিয়ে আগরতলার মাছ ও মাংসের বাজারে এখন উৎসবের ব্যস্ততা তুঙ্গে, আর বিক্রিও বেশ সন্তোষজনক বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *