আগরতলা।। রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় রাজ্য পর্যায়ের কর্মশালা, পশুসখী কিট বিতরণ কর্মসূচি এবং দপ্তরের নতুন লোগো উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত পশুসখীদের হাতে প্রয়োজনীয় কিট তুলে দেওয়া হয়। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ স্তরে পশুপালন ও প্রাণিসম্পদ সংক্রান্ত পরিষেবাকে আরও কার্যকর এবং সহজলভ্য করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পশুসখীরা প্রত্যন্ত এলাকায় পশুপালকদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, সচেতনতা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রাণিসম্পদ খাত রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে পশুপালকদের স্বনির্ভর করে তোলাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, নতুন লোগো দপ্তরের আধুনিক চিন্তাভাবনা ও উন্নয়নমূলক কর্মসূচির প্রতীক হিসেবে কাজ করবে।
কর্মশালায় দপ্তরের আধিকারিকরা পশুপালন, রোগ প্রতিরোধ, দুগ্ধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে দপ্তরের বিভিন্ন আধিকারিক, পশুচিকিৎসক এবং পশুসখীরা উপস্থিত ছিলেন।
