আগরতলা।। শনিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত, ব্যাংকের পরিচালন পর্ষদের সদস্য, বিভিন্ন শাখার প্রতিনিধিসহ বিশিষ্ট অতিথিরা।সভায় ব্যাংকের গত এক বছরের আর্থিক কার্যক্রম, আমানত ও ঋণ পরিষেবা, গ্রাহক পরিষেবার মানোন্নয়ন, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি সমবায় ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবও তুলে ধরা হয়।নিজের বক্তব্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সমবায় ব্যাংকের ভূমিকার প্রশংসা করে বলেন, রাজ্যের আর্থিক উন্নয়ন, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বনির্ভর গোষ্ঠী এবং সাধারণ মানুষের কাছে সহজে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা, গ্রাহকদের আস্থা বৃদ্ধি এবং স্বচ্ছতার সঙ্গে পরিষেবা দেওয়ার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী দিনেও সমবায় ব্যাংকগুলিকে আরও শক্তিশালী ও আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার পাশাপাশি ব্যাংকের পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
