আগরতলা।। ড্রাগের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে রাজধানী আগরতলায় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালিটির শুভ সূচনা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা, শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে উমাকান্ত স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শুরুর আগে উপস্থিত সকলে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। এদিন সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে র্যালিতে একটি বিশেষ টেবলুও প্রদর্শন করা হয়, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, বর্তমান সময়ে যুবসমাজ, বিশেষ করে স্কুল ও কলেজ পড়ুয়াদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। পাশাপাশি যারা ইতিমধ্যেই নেশার কবলে পড়েছেন, তাঁদের কীভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যেই সরকার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে।
বাইট : টিংকু রায়
