আগরতলা।। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে গত ২৩ জুন থেকে শুরু হওয়া প্রভাত ফেরি কর্মসূচি ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে চলছে।
ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।বৃহস্পতিবার সকালে কাঠালতলী এলাকায় আয়োজিত প্রভাত ফেরিতে চার থেকে পাঁচশো মানুষ অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কমিউনিটি হলে গিয়ে শেষ হয়।এরপর অনুষ্ঠিত সভায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও দেশসেবামূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক রামপ্রসাদ পাল।
পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ৫০০ টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকদের দ্বারা জানানো হয়েছে, আগামী ১০ জুলাই পর্যন্ত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এই প্রভাত ফেরি কর্মসূচি অনুষ্ঠিত হবে।
