আগরতলা।। রাজ্যের চা বাগান গুলোকে বেসরকারিকরণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শ্রম কমিশনার এর কার্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করলো সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম বিধায়ক নয়ন সরকার, ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক পরেশ পাইথেম, সিটু নেতা তপন দাস সহ অন্যান্যরা। এই কর্মসূচি থেকে জানানো হয় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন সমবায় ও অন্যান্য চা বাগানের প্রায় বারোশো একর জমি বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে।

এদিন এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক জানান, রাজ্যের চা বাগানের শ্রমিকরা অনেক জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে দিন যাপন করে চলছেন। তাদের মজুরি বৃদ্ধি করা হচ্ছে না ,গ্রাচুইটি এবং পিএফ প্রদান করা হচ্ছে না । এই সরকারের আমলে চা বাগানের শ্রমিকরা কিছুই পাচ্ছেন না। এই অবস্থায় ত্রিপুরার চা উন্নয়ন নিগমের অধীন সমবায় ও অন্যান্য চা বাগানকে বেসরকারিকরণ করা চলবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *