আগরতলা।। ২০২৪ সালে টেট উত্তীর্ণদের সবাইকে চাকরি প্রদান করতে হবে। এই দাবিতে কিছু দিন পর পরেই আন্দোলনে নামছে চাকরি প্রত্যাশীরা। বুধবার ফের তারা বিক্ষোভ প্রদর্শন করে আগরতলায় শিক্ষা ভবনে।
ডেপুটেশন দেয় এলিমেন্টারি এডুকেশন এর অধিকর্তার কাছে। যদিও বরাবরের মতোই দপ্তর থেকে তাদের কোনো সদুত্তর দেওয়া হয়নি। এদিন টেট ১ এবং টেট ২ উত্তীর্ণরা শিক্ষা ভবনের সামনে বসে বিক্ষোভ দেখান। পরবর্তী সময়ে তাদের এক প্রতিনিধি দল যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা নিকট দাবি সনদ পেশ করেন।
দিলীপ বাবু বিষয়টি সংশ্লিষ্ট মহলে জানাবেন বলে আশ্বস্ত করেছেন। এর আগেও চাকরি প্রত্যাশীদের এই ধরণের আশ্বাসই দেওয়া হয়েছে। কাজের কাজ কিছু না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। চাকরি প্রত্যাশীদের অভিমত, বিভিন্ন জায়গায় স্কুলগুলি শিক্ষকের স্বল্পতায় ধুকছে। এদিকে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় উত্তীর্ন হয়েও চাকরি প্রত্যাশীদের বসে থাকতে হচ্ছে।
তাই সরকার যেন অবিলমনে তাদের চাকরি দিয়ে স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দূর করতে উদ্যোগী হয়। শিক্ষা দপ্তর তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না বলে অভিযোগ। এর ফলে তাদের মধ্যে ক্ষোভ উষ্মা ক্রমশ বাড়ছে।
