আগরতলা।। টমটমে যাত্রার সময় ফেলে যাওয়া প্রায় ৩ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ। পুলিশের তৎপরতায় হারানো গয়না ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে নিরঞ্জন দেবনাথ ও তাঁর পরিবারের।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১ তারিখ পরিবার নিয়ে গোর্খা বস্তির পিএন কমপ্লেক্স থেকে রেলস্টেশনে যাওয়ার পথে টমটমে একটি ব্যাগ ফেলে যান নিরঞ্জন দেবনাথ। ব্যাগের মধ্যে ছিল দুই জোড়া চুড়ি, একটি সোনার চেন ও মঙ্গলসূত্র। গয়নাগুলির মোট ওজন প্রায় ২ ভরি এবং বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ২৫ হাজার টাকা।পরবর্তীতে নিরঞ্জন দেবনাথ এনসিসি থানায় এসে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।
এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, খবর পেয়ে আইটি ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে টমটমটি শনাক্ত করা হয়। এরপর এসআই জয়নাল হোসেনের তৎপরতায় গাড়ির চালকের বাড়ি থেকে উদ্ধার করা হয় সমস্ত সোনার গয়না।পুলিশ সূত্রে জানা যায়, টমটম চালক নিজেও জানতেন না যে ব্যাগটি গাড়ির সিটের পিছনে পড়ে রয়েছে।আজ উদ্ধার হওয়া সমস্ত গয়না প্রকৃত মালিক নিরঞ্জন দেবনাথের হাতে তুলে দেয় এনসিসি থানার পুলিশ।
হারিয়ে যাওয়া মূল্যবান গয়না ফিরে পেয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিরঞ্জন দেবনাথ ও তাঁর পরিবার।
